বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে প্রবেশ করে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা সরকারি দায়িত্বে নিয়োজিত সচিবকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদে। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি সজিব হোসেন পিং মিলন গাজী এবং তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী সচিব এনামুল হক মুকুলের কক্ষে প্রবেশ করে অফিসের বিভিন্ন নথিপত্র খোঁজাখুঁজি শুরু করেন। সচিব বাধা দিলে তারা তার উপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে কাঠের চেয়ার দিয়ে আঘাত করেন।
স্থানীয় গ্রাম পুলিশ এবং উপস্থিত সেবা প্রত্যাশীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত সচিব এনামুল হক মুকুল বলেন, “৫ আগস্টের পর থেকে সে বিভিন্ন অনৈতিক সুবিধা ও নগদ অর্থ দাবি করে আসছিল। আমি তাতে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয়েছে। ঈদের সময়ও সে বিজিএফ তালিকার চাল দাবি করেছিল।”
তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রদলের এক কর্মী সাইদুল (পিং রশিদ গাজী) মারধরের ভিডিও ধারণ করেছেন।