শান্তিগঞ্জ সংবাদদাতাঃ শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৫ জুন) সকালে উপজেলার জামলাবাজ গ্রামের এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৩৫) স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামের আপন চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই জায়গার জের ধরে রবিবার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাজান বানুর সাথে বাকবিত-া হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আকরাম আলী বলেন, জায়গা সংক্রান্ত জের ধরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় জামলাবাদ গ্রামের আজাদ মিয়া(৬০) পিতাঃমৃত রুস্তম আলী নামে একজনকে আটক করা হয়েছে। তবে এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

যুবদল নেতা বহিস্কার

সিলেট ব্যুরো: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের আর কোনো পাথর কোয়ারী খুলে দেবে না সরকার, এমনকি লিজও দেওয়া হবে না বলে জানান ওই দুই উপদেষ্টা। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক, পাথর উত্তোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতারাসহ স্থানীয় জনতা মিলে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। এ সময় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপদেষ্টারা চলে যান। অভিযোগ উঠেছে এ বিক্ষোভের নেতৃত্ব দেন গোয়াইনঘাট যুবদল নেতা জাহিদ খান।