হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমীর এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম হাটহাজারী পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

গতকাল মঙ্গলবার তিনি হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম দেয়ান নগরের খেরুপাড়া এলাকায় চলমান রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও নির্মাণ মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পৌরসভার প্রকৌশলী এবং জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় তারা সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, “জনগণের অর্থে উন্নয়ন কাজ হচ্ছে, তাই এতে গুণগত মান নিশ্চিত করতে হবে। মানুষের ভোগান্তি লাঘবই হবে প্রকৃত সেবা।” তিনি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।