গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত মফিজ উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে আদালতের নির্দেশে এই লাশ উত্তোলন করা হয়।

নিহত মফিজ উদ্দিন বারতোপা গ্রামের আব্দুর রহিমের ছেলে। মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ মে সকালে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়ির পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মফিজ উদ্দিন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পুত্রবধূ পারভিন আক্তার গাজীপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়। মামলার পর আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিলে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের উপস্থিতিতে সিআইডির একটি দল লাশ উত্তোলন করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের এক সন্তান বলেন, “আমার বাবার মৃত্যুকে আমরা স্বাভাবিক মনে করলেও পরবর্তীতে নানা সন্দেহ দেখা দেয়। আদালতের নির্দেশে আজ লাশ উত্তোলন করা হয়েছে। আমরা সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”