আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সম্প্রতি সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম জুয়েল মৃধা (৩৯)। তিনি ওই গ্রামের মৃত সুলতান মৃধার ছেলে। জানা গেছে, জুয়েল মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বরগুনা থানায় মাদক ও নারী নির্যাতনসহ ৭টি মামলা রয়েছে। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরাম হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক বিকাশ কর্মকারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়েল মৃধার বাড়িতে তল্লাশি চালিয়ে ঝাকি জালে মোড়ানো ছয়টি প্যাকেটে ১১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ একরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল মৃধার বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রথমে সে বিষয়টি অস্বীকার করলেও তল্লাশির সময় মাদক পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।