কেশবপুর (যশোর) সংবাদদাতা : দীর্ঘ এক বছর আতœগোপণে থাকার পর বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে অবশেষে যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিজ বাড়ি পৌর এলাকার ভবানীপুর থেকে তাকে আটক করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম পৌর এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় অত্যাচার নির্যাতন করেছেন। তার বাহিনীর ভয়ে বিএনপি, জামায়েতের নেতা-কর্মীরা স্বাভাবিক জীবন যাপণ করতে ব্যর্থ হয়।
গেল বছর আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে তিনি পলাতক জীবন যাপণ করছেন। দীর্ঘদিন পর গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম নিজ বাড়িতে আসেন। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বুধবার দিনভর তার গ্রেফতার দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকেন।
ওইদিন বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে পুলিশ রফিকুল ইসলামকে আটক করে।