পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খানের সভাপতিত্বে তার নিজস্ব বাসভবনে রাজনীতিবিদ, সমাজকর্মী, ছাত্র, ব্যবসায়ীসহ এক সর্বদলীয় সভার আয়োজন করা হয়েছে। পিরোজপুরে মেলার নামে জুয়া বন্ধের দাবিতে জনতার মাঝে প্রতিক্রিয়া সৃষ্টির প্রেক্ষাপটে জেলা প্রশাসক এ সভার আয়োজন করেন। একঘণ্টা ব্যাপি অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামী আন্দোলন, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত প্রত্যেকেই বাণিজ্য মেলা পরিচালনার ব্যাপারে একমত থাকলেও লটারির নামে জুয়ার ব্যাপারে আপত্তি উত্থাপন করেন। সবারই বক্তব্য ছিল বাণিজ্য মেলা চলার ব্যাপারে কারো কোন আপত্তি নেই কিন্তু লটারির নামে কোন প্রকার জুয়া খেলা চলতে দেয়া যাবে না। সকলের উন্মুক্ত আলোচনা শেষে আজকে ২০ জুন শুধুমাত্র লটারি চলবে (যেহেতু লটারি টিকিট বিক্রি হয়ে গেছে) এরপর থেকে লটারিবিহীন বাণিজ্য মেলা চালানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সকলের বক্তব্য শেষে মেলার আয়োজকদের পরিষ্কার ভাষায় বলে দেন যে, শুধুমাত্র আজকের পরে আর কোন রকমের লটারি যদি চালানো হয় তাহলে তিনি মেলা বন্ধ করে দিবেন।