মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
সম্পতি রাজধানীর কোতয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।
এডিসি হেলালউদ্দিন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জির পুত্র এবং মরহুমা আনোয়ারা বেগমের সন্তান। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।