মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে মাছের ঘেরে মুরগির বিষ্ঠা প্রয়োগ করার অভিযোগে এক মৎস্য চাষিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না হরিদাসকাটি ইউনিয়নের মধুপুর গ্রামের ফুলবাড়িয়া বিলে রাজু আহম্মেদের মাছের ঘেরে এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন। ইউএনও নিশাত তামান্না এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘের মালিক রাজু দীর্ঘদিন নিজের মাছের ঘেরে খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছেন। এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে আমি নিজে মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে রাজুর মাছের ঘেরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। এই অপরাধে রাজুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদ- দেয়া হয়েছে। পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পান ঘের মালিক রাজু।