সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে বহিষ্কার করে তদস্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে নাজিম মাস্টার অব্যাহতির নির্দিষ্ট কারণ প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন। তবে তিনি উল্লেখ করেন, “সম্ভবত কেন্দ্রে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কিছু অভিযোগ এসেছে।” এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শাজাহান সাজুকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, এ সংক্রান্ত তিনি এখনো কোনো চিঠি পাননি। ঘটনাটি সখিপুরের টক অব দি টাউনে রূপ নিয়েছে।