গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশ যখনই সংকটে পড়েছে ঠিক তখনই জামায়াত কর্মীরা দৃঢ়তার সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশের মানুষ জালিম শাহী বিদায় করেছে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করতে পারে শুধুমাত্র ইসলাম। তাই তিনি দল মত নির্বিশেষে সবাইকে কুরআনের আইন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে সামনের দিনে কাজ করার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশের সকল স্তর থেকে ঘুষ দুর্নীতি দূর করতে হলে নৈতিক উন্নত মানুষ তৈরি করা দরকার। সেই মানুষ তৈরীর জন্য জামায়াতে ইসলামী কাজ করে চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত কর্মীরা জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে বলে তিনি উল্লেখ করেন।
পাকড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ডঃ মোঃ ওবায়দুল্লাহ্ ও মোঃ জালাল উদ্দিন,উপজেলা আমীর আমির মোঃ নুমায়ুন আলী ও জেলা ইউনিটের সদস্য ও পাকড়ী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ্, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।