লক্ষ্মীপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আমরা দুর্নীতিকে জিরোতে নিয়ে যেতে চাই। দেশের প্রতিটি স্তরে দুর্নীতিকে না বলতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সচেতন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে।” লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “শুধু উচ্চশিক্ষা নয়, নৈতিকতাই পারে একটি জাতিকে সত্যিকারের উন্নত করে তুলতে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর ডিগ্রিধারীরা দেশ চালাচ্ছে—তবুও বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কারণ, ডিগ্রির সঙ্গে নৈতিকতার ঘাটতি রয়েছে।”

রেজাউল করিম আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ শুধু নিজের সফলতা নয়, জাতির কল্যাণের জন্য কাজ করবে। শিক্ষার্থীরা যেন মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গঠনে নেতৃত্ব দিতে পারে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।