খুলনায় দিনে-দুপুরে দুর্বৃত্তের ছোড়া গুলীতে ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেনসহ ৩ জন গুলীবিদ্ধ হয়েছেন। গত ২৭ মে নগরীর খালিশপুর থানার যমুনা রোডের মালা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফরহাদ উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা আকমান শেখের ছেলে।এছাড়া গুলীবিদ্ধ হয়ে অন্য আহতরা হলেন, ফরহাদ হোসেনের ড্রাইভার মো: মনিরুল ইসলাম এবং তার ম্যানেজার সোহেল।
নরসিংদী
নরসিংদীর মাধবদীতে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে সানাউল্লাহ (৪৭) নামে একজনকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। মাথায় লাঠির আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরমান মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুশাইর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ বালুশাইর গ্রামের আবদুর রহমানের ছেলে এবং অভিযুক্ত আরমান মিয়া একই গ্রামের ওমর আলীর ছেলে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ৭০০ টাকা দেনাপাওনা নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পায়নি।
মাধবদী (নরসিংদী)
নরসিংদীর মাধবদীতে মাদক সংক্রান্ত পাওনা টাকা নিয়ে সৃষ্ট বাগবিতণ্ডার জেরে সানা উল্লাহ (৩৫) নামে এক যুবককে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরমান (২০) নামে আরেক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার ২৭ মে দুপুরে মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সানা উল্লাহ ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে রাশেদা আক্তার বাচ্চু (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু একই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা বলে জানা গেছে। তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর)
সরিষাবাড়ীতে ১২ কেজি গাঁজা, ২ লিটার চোলাই মদ, চাপাতি ও চাইনিজ রিংসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৬ বীর ইউনিটের ক্যাপ্টেন অর্ণব কবির পাপনের নেতৃত্বে উপজেলার পিংনা ইউনিয়নের কান্দারপাড়া ও পিংনা এলাকায় এ অভিযান চলে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে লেগুনা পরিবহনের পুলিশের নাম করে চাঁদাবাজি করছে একটি চক্র। জানাগেছে, ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের দাপিঁয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা পরিবহন। রোড পারমিট, ফিটনেস ও রেজিষ্ট্রেশন বিহীন লেগুনা পরিবহন অবাধে মহাসড়কে চলাচল করলে ও হাইওয়ে পুলিশের কোন ব্যাথা নেই। অভিযোগ উঠেছে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘ দিন ধরে লেগুনা পরিবহন থেকে পুলিশের নামে প্রতিটি লেগুনা থেকে ১৫ শত টাকা করে মোট ৭ লাখ টাকা চাঁদা আদায় করে।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নে গৃহবধূ পিংকি রানি দাসকে (২৭) শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের বাবা শ্রীকান্ত কুমার দাস এ ঘটনায় শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আট বছর আগে পিংকি রানি দাসের বিয়ে হয় শৈলকুপার ত্রিবেনী গ্রামের সুমন কুমার দাসের সঙ্গে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পিংকি রানি দাসের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ও তার পরিবারের সদস্যরা।
কাউখালী (পিরোজপুর)
কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার (২৮ মে) উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে আব্দুর রব আকনের স্ত্রী রোকেয়া স্থানীয় কৃষক আব্দুল হাইয়ের সাথে জমি চাষের বিষয়ে কথা বলছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে নিহতের প্রতিবেশী জাহাঙ্গীর আকন পিছন থেকে অতর্কিত ভাবে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকেয়া বেগম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ঘাতকরা তাকে উপর্যপুরি পিটিয়ে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর ও কাঁদিপুর গ্রামে এক রাতে তিনটি বাড়িতে ঢুকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে ভুক্তভোগীরা হলেন- কাঁদিপুর গ্রামের নেকবার আলী (৬০) এবং পুরাতন বাস্তুপুর গ্রামের আতিয়ার রহমান (৪৫) ও তার ভাই আনোয়ার হোসেন।
বড়লেখা (মৌলভীবাজার)
মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সুয়েল আহমদের (২৮) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। গত মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করে। এদিকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহত স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
এব্যাপারে নিহত গৃহবধুর বাবা হাজী আব্দুল লতিফ জামাতা সুহেল আহমদকে প্রধান আসামী ও অপরজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ছিনতাইয়ের শিকার হয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৮ মে) গভীর রাতে নতুন মহাল এলাকায় সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নির্যাতনের পর মৃত ভেবে তাকে গাড়ি থেকে ফেলে রেখে পালিয়ে যায়।