সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার সময় খেয়া নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজের ৩০ ঘন্টাপর ঐ নারীর মেয়ে শোভা আক্তার (৮) কে মৃত উদ্ধার করা হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কামরাবাদ ইউনিয়নে র্যালী ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে শনিবার সকাল থেকে দিনব্যাপী ফায়ার সার্ভিস ডুবুরি দল উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাটের ঝিনাই নদীতে নিখোঁজ শিশুরটিকে উদ্ধারের জন্য অভিযান চালান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ‘নিহত মোর্শেদা বেগম ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী ও শোভা আক্তার তার মেয়ে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। বাইচ শেষে সন্ধ্যায় ৬টার দিকে মোর্শেদা ও তার মেয়ে সহ অনেকেই বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে আসেন। এ সময় মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। এতে ৩০-৪০ জন লোক নৌকার ভিতরে ছিলেন। হটাৎ মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী পাড়ে উঠতে পারলেও মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় তার মেয়ে। পরবর্তীতে ৩০ঘন্টা পরে নিখোঁজ শোভা আক্তারের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।