শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও স্বীকৃতি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী গণসমাবেশ।

সম্প্রতি শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সমাবেশের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সুইডেন দূতাবাসের সহায়তায় আয়োজিত এ কর্মসূচি ছিল ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ’ প্রকল্পের আওতায়।

সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ্ব নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নারীদের ওপর বেশি পড়ে। তাই নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের একসাথে কাজ করতে হবে।” তিনি নারীর গৃহস্থালি শ্রমের স্বীকৃতি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে তুলে ধরেন। সভাপতির বক্তব্যে মাস্টার নজরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা হলেও সমাধান শুরু করতে হবে স্থানীয় পর্যায় থেকে। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।” লিডার্স-এর ডিরেক্টর প্রোগ্রাম এবি এম জাকারিয়া শুভেচ্ছা বক্তব্যে প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বলেন, “নারীর অবদানকে সম্মান না করলে উন্নয়ন সম্ভব নয়। গৃহস্থালি কাজের আর্থিক মূল্যায়ন এখন সময়ের দাবি।”