কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা : গোপালগঞ্জ -৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম বলেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি, সুদ,ঘুষ বন্ধ হবে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আপনারা একটি বার আমাদেরকে ভোট দিয়ে সংসদে গিয়ে দেশ পরিচালনা করার সুযোগ করে দিন।

গত মঙ্গলবার বাদ আসর গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলাম কুশলা ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি নিজের কথা উল্লেখ করে বলেন, আপনাদের জন্য আমার দরজা খোলা। যে কোন সময় যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে আসতে পারেন। আমি আমার সাধ্যমত আপনাদেরকে সহযোগিতা করবো।

সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম কুশলা ইউনিয়ন শাখার আয়োজনে কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুশলা ইউনিয়ন জামায়েতের সভাপতি মাওলানা মো: ইউছুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর মো: ছোলায়মান গাজী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ সহ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে মাওলানা আবুল বাশারকে সভাপতি ও সেকেন্দার আলীকে সেক্রেটারি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশলা ইউনিয়ন শাখার ৩৭ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।