মোংলা সংবাদদাতা : পূর্ব সুন্দরবনের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল দুবলারচরে সাগর থেকে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে অভিযান শুরু করেছে বনবিভাগ। গত তিন দিনে বনরক্ষীরা বিপুল পরিমাণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বনবিভাগের তথ্য অনুযায়ী, পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস এবং আলোরকোল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরানের নেতৃত্বে টানা তিন দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। রবিবার, সোমবার ও মঙ্গলবার চলা অভিযানে বনরক্ষীরা দুবলার আলোরকোল, মেহের আলী, অফিসকেল্লা, কচিখালী ও শেলারচরের সমুদ্রতট থেকে জোয়ারে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেন। এসব বর্জ্য দীর্ঘদিন ধরে চরে আটকে থেকে সুন্দরবনের পরিবেশে দূষণ সৃষ্টি করছিল বলে জানা গেছে।