চৌগাছা (যশোর) সংবাদদাতা : জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে তাদের ব্যক্তিগত সম্পদ বাড়েনা। বরং তাদের সম্পদ কমে যায়। জামায়াত সরকার গঠন করলে দেশের সকল মনুষের অধিকার সমান হবে। জামায়াতের একজন কর্মী যে সুযোগ-সুবিধা পাবেন অন্য দলের এবং ভিন্ন ধর্মাবলম্বীরাও একই সুবিধা ভোগ করবেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। গত ১৪ আগস্ট চৌগাছা কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃায় তিনি এসব কথা বলেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্ততি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্ব আসলে পাঁচ বছরেই দেশ বদলে যাবে, ইনশাআল্লাহ। শহীদদের রক্তের সাথে কেউ বেইমানী করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক। বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. নুরুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমান, মাওলানা রেজাউল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।