চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই বহিস্কৃত সেনা সদস্য ইব্রাহিম (৪৫) এর হাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) খুন হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।

নিহত রবিউল ইসলামের ছেলে খালিদ হাসান জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সাথে চাচা ইব্রাহিমের বিরোধ চলছে। এর জের ধরে শনিবার আমার চাচা আমাদের ঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে ইব্রাহিম পশু জবেহ করার ধারাল ছুরা দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। তাকে প্রথমে চৌগাছা হাসপাতাল এবং পরে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য একাধিক বিবাহ ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করার অভিযোগে ইব্রাহিম সেনা সদস্য থেকে বহিস্কৃত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আসামীকে আটকের চেষ্টা চলছে।