কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাহিত্যিক ও বাউল সাধক কাঙাল হরিনাথ মজুমদারের ১৯২তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এউপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ জুলাই কুমারখালীর সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে সরকারী ভাবে এ আয়োজন করাহয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।

আরজু আহমেদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালীর সিনিয়র সাংবাদিক মাহমুদ শরীফ, জাকের আলী শুভ, সোহাগ মাহমুদ খান। আরো বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর গীতা রানী মজুমদার, শিক্ষক রবিউল আলম বাবু, সন্তোষ কুমার মোদক প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের রেপ্লিকা ম্যানুফ্যাকচার ও ইনচার্জ তাপস কুমার মন্ডল। শুরুতে কাঙাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। বক্তারা আগামীতে সাংবাদিকতার স্বীকৃতি স্বরুপ কাঙাল হরিনাথ পদক চালুর দাবি জানান।