মিটফোর্ড হাসপাতাল এলাকায় সংঘটিত নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার আসর মোংলার বিএলএস জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির, রামপাল-মোংলার জনপ্রিয় নেতা এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওয়াদুদ বলেন, “মিটফোর্ড হাসপাতালে একজন নিরপরাধ মানুষকে যেভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। যারা এই ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণ আর কোনো নিরীহ নাগরিককে এভাবে হারাতে চায় না।”
সভায় আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, যিনি একইসঙ্গে মোংলা প্রেস ক্লাবের সদস্য এবং বিশিষ্ট কলামিস্ট; পৌর জামায়াতের আমীর এম এ বারী এবং সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হোসেন।
বক্তারা সকলেই অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং কঠোর শাস্তির দাবি জানান। তারা জনগণকে এ ধরনের বর্বর ও অমানবিক ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সভায় মোংলা উপজেলা ও পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।