হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : দৈনিক সংগ্রাম পত্রিকায় সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার সংযোগস্থল নাঙ্গলমোড়া বাজার পয়েন্টে হালদা নদীর ওপর বহু কাঙ্খিত পাকাসেতু নির্মাণে প্রশাসনিক তৎপরতা জোরদার হয়েছে।

গত ২৫ জুলাই এলজিইডি’র প্রধান প্রকৌশলীর নির্দেশে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনজুর সাদিক সরেজমিনে সাইট পরিদর্শন করেন। এই পরিদর্শনকে স্থানীয় বাসিন্দারা একটি আশাজাগানিয়া অগ্রগতি হিসেবে দেখছেন।

সেতু নির্মাণ উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে জাহেদুল ইসলাম চৌধুরী। তিনি প্রশাসনিক পর্যায়ে যোগাযোগ করে জোরালোভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন নুরুল আমিন চৌধুরী, ব্যাংকার শফিউল আজম হেলাল, সালাউদ্দীন আলীসহ এলাকার বিভিন্ন গুণীজন।

স্থানীয়রা মনে করছেন, এই সেতু নির্মিত হলে তিন উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, যা অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে নাঙ্গল মোড়া উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত যাতায়াত করতে পারবে।

জনগণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন সচেতন মহল।

উল্লেখ্য গত ২১-০৭-২০২৫ তারিখ দৈনিক সংগ্রাম পত্রিকায় নি¤েœর শিরোনামে-

“হালদা নদীর বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন :দুর্ভোগে তিন উপজেলার মানুষ।” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।