ঢাকা-১৩ আসনের নির্বাচনী কর্মশালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শিসাঢালা প্রাচীরের ন্যায় দৃঢ়ভাবে ময়দানে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাবই হলো বিজয়ের চাবিকাঠি। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আদর্শ চরিত্রে গড়ে তুলে সমাজে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকতে হবে। তিনি আরও আহ্বান জানান, নির্বাচনী মাঠে ধৈর্য, প্রজ্ঞা ও ইসলামী আদর্শের সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে মানুষের হৃদয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে।
গতকাল সোমবার রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী,ঢাকা-১৩ আসনের নির্বাচনী কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন আরো বলেন, প্রতিটি ঘরে ঘরে মানবিক রাষ্ট্র গঠনের চেতনা জাগাতে হবে। তিনি আবেগভরে বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। এজন্য প্রত্যেক কর্মীকে আদর্শ চরিত্রে গড়ে উঠে মানুষের মাঝে পরিবর্তনের অনুপ্রেরণা ছড়িয়ে দিতে হবে। তিনি আরও আহ্বান জানান, আমরা যদি আল্লাহভীতিকে হৃদয়ে ধারণ করে নিষ্ঠা, ত্যাগ ও সততার সঙ্গে কাজ করি, তবে ইনশাআল্লাহ একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলা নগর থানা আমীর মোঃ আব্দুল আওয়াল আজমের সঞ্চালনায় নির্বাচনী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা- ১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মহান লক্ষ্যে আমাদেরকে দৃঢ়তা, সাহসিকতা ও ঈমানি চেতনা নিয়ে ময়দানে অবিচল থাকতে হবে। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম কখনও সহজ নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে পথে আমরা এগিয়ে যাচ্ছি, সেই পথই আমাদের বিজয়ের পথ। অন্যায়, অপকর্ম ও দুর্নীতির অন্ধকার ভেদ করে আলোর সমাজ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানানÑ ভয় নয়, আশার আলো নিয়ে এগিয়ে আসুন; ইনশাআল্লাহ আমাদের ত্যাগ, সততা ও একতা-ই একদিন এই দেশকে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।