খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ ঘোষণা করলেও এখনো তার আইনি ভিত্তি তৈরি ও বাস্তবায়ন আদেশ জারি করতে পারেনি। এই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার অন্যতম দাবি। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য। তাই জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে নির্বাচন ও সংস্কারের কোন মূল্য নেই। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের মাধ্যমে তার শক্তিশালী আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক, তার উত্তরণ ঘটাতে হবে। আমরা নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানাচ্ছি। পাশাপাশি সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকা- স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। গতকাল সোমবার বাদ বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে খেলাফত মজলিস নায়েবে আমীর এ দাবি জানান। খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে।