জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে সরকারি কাজে বাদার ঘটনায় ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ও সোমবার সকালে সিলেট ও জাফলং থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন, গোয়াইনঘাট উপজেলায় শাহজাহান আহমদ ও ফারুক মিয়া, এরা এজাহার ভুক্ত আসামি বলে নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশ।

অন্তর্বতী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে বাধা প্রদান ও সরকারি কাজে বাধাদান করার অভিযোগে রবিবার রাতে ৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনের নাম অজ্ঞাত রেখে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলা করেন। দেলোয়ার ও শাহজাহানকে সিলেট শহর থেকে এবং ফারুক মিয়াকে জাফলং থেকে আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী ও গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, দুই উপদেষ্টার গাড়ী বহরের গতি রোধ করে সরকারি কাজে বাদা প্রদান করায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।