খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়াপদা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, রাস্তাটির বেহাল দশা এতটাই প্রকট যে, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং জোয়ারের সময় ভাঙন প্রবণতা আরও বেড়ে যায়, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলবেন।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং অনেক অংশ দেবে গেছে। রাস্তার পাশ থেকে মাটি সরে গিয়ে মারাত্মক আকার দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতে শিবসা নদের জোয়ারের পানি বৃদ্ধি পেলেই রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশগুলো আরও দুর্বল হয়ে পড়ে এবং ভাঙনের তীব্রতা বাড়তে পারে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল করে। রাস্তার এমন বেহাল দশার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানোর পরও রাস্তা সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর গোলদার জানান, রাস্তাটির গুরুত্ব অপরিসীম। এটি এলাকার মানুষের চলাচলের প্রধান পথ। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।