মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ এলাকায় এখন ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যানের চলাচল ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সংকট ও সাশ্রয়ী যাতায়াতের কারণে এসব যানবাহন দিনের প্রায় সব সময় রাস্তায় দেখা যায়। তবে এর ফলে বিদ্যুতের অতিরিক্ত খরচ, অবৈধ চলাচল ও যানজটসহ সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
ফতেপুর, মেখল, চিকনদন্ডী, গড়দুয়ারা,ইছাপুর চারিয়া, সরকার হাট, কাটিরহাট, ফরহাদাবাদসহ এলাকায় স্থানীয়রা জানায়, ব্যাটারি চার্জ দিতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে। চার্জিং পয়েন্টের অভাবে অনেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করছেন, যা স্থানীয় বিদ্যুৎ সরবরাহে চাপ সৃষ্টি করছে। অনেক চালক প্রয়োজনীয় লাইসেন্স ও প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় নামছেন, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাটহাজারী বাজার, মাদ্রাসা মোড়, বাসস্ট্যান্ড ও ফকির মসজিদ ও কাঁচাবাজার এলাকায় প্রতিনিয়ত এসব যানবাহনের কারণে যানজট লেগেই থাকে। ফলে সাধারণ মানুষ, স্কুলগামী ছাত্র-ছাত্রীরা ও জরুরি সেবা গাড়ি চলাচলে বিপদে পড়ছেন।
স্থানীয় পরিবহন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, “ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা এতই বেড়ে গেছে যে, অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। প্রশাসনের উচিত এসব যানবাহন নিবন্ধন বাধ্যতামূলক করা এবং চার্জিং পয়েন্ট নিয়ন্ত্রণ করা।”
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। মিটিং হয়েছে সবগুলো তথ্য একসাথে দেয়া হবে বলেন একজন কর্ম কর্তা,তবে হাটহাজারী থানার এক কর্মকর্তা জানান, “সড়কে নিরাপত্তা নিশ্চিতে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের জন্য সময়োপযোগী উদ্যোগ নেয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, নিরাপদ সড়ক ও বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে একসঙ্গে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে চালকদের প্রশিক্ষণ, যানবাহন নিবন্ধন এবং বৈধ চার্জিং পয়েন্ট স্থাপন জরুরি।
ব্যাটারি চালিত অটোরিকশার এই দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে হাটহাজারীর সড়কে দুর্ঘটনা ও যানজট মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।