টেকনাফ( কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশী পিস্তল ও ২০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার শফিউল্লাহ’র পুত্র মোঃ মিজানুর রহমান (২০), দমদমিয়া এলাকার আইয়ুবের পুত্র মোঃ একরাম (২৬)। সম্প্রতি কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন সোমবার রাত ১১ টারদিকে কোস্টগার্ডের সদস্যরা টেকনাফের কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক মোটর সাইকেলটি থামানো হয়। পরবর্তীতে মোটর সাইকেল আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা এবং মোটর সাইকেল চালকের দেহ তল্লাশি করে কোমর হতে ১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গোলাসহ দুই জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।