আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : আলীকদম বাজারস্থ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা টাউন হল দীর্ঘ ১৫ বছর ধরে অবৈধ দখলে থাকার অভিযোগে আলীকদম উপজেলার সচেতন নাগরিকবৃন্দ আজ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন। স্মারকলিপিতে অবিলম্বে টাউন হলটি অবৈধ দখলমুক্ত করে জনস্বার্থে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, আলীকদম বাজার ফান্ড সংস্থার অধীন ২২ নং প্লটটি মূলত ‘আলীকদম ইউনিয়ন পরিষদ পাবলিক লাইব্রেরি’র জন্য বরাদ্দকৃত। ৯৮০০ বর্গফুট আয়তনের এই প্লটের উপর নির্মিত টাউন হলটি ২০১০ সাল থেকে ‘নাছির স্টোর’ নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গুদাম হিসেবে ব্যবহার করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের অগ্নিকা-ের পর আপদকালীন ব্যবহারের জন্য তিন মাসের চুক্তিতে ভাড়া নেওয়া হলেও পরবর্তীতে সেটি আর ফেরত দেওয়া হয়নি।

এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন টাউন হলটি বুঝিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, টাউন হলটি জনগণের সম্পদ এবং এটি জনসাধারণের ব্যবহারের জন্য শীঘ্রই উন্মুক্ত করে দেওয়া হবে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক মু. জুলফিকার আলী ভুট্টো, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাশুক এলাহী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, বাজার সমিতির সেক্রেটারি কায়ছার উদ্দিন বাপ্পী, নয়াপাড়া ইউপি সদস্য বশির আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম ও রিপোর্টাস ক্লাবের সেক্রেটারি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ।

নাগরিকবৃন্দ অনতিবিলম্বে এই অবৈধ দখলদার উচ্ছেদ করে টাউন হলটি জনগণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।