পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: পাটকেলঘাটা বাজারের রাস্তাঘাট গুলির বেহাল দশার কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সড়কটি চার বছর আগে সংস্কার করা হয়েছিল। এরই মধ্যে সড়কটির বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা বাজারের সড়কটি চার বছর আগে এক ঠিকাদার প্রতিষ্ঠান পাকাকরণের কাজ করেছিল। সংস্কারের দুই বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয়, কাঁচা সড়ক। রাস্তার উপরে বড় বড় গর্ত এবং পানি জমে আছে।

তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।

সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই চলাচলের অনুপযোগী। বিশেষ করে কাউন্সিল রোড, টাওয়ার রোড, ওভারব্রিজ রোড, বাজার রোড, খেয়াঘাট রোড, পল্লী বিদ্যুৎ রোড ,বলফিল্ড রোড ,উল্লেখযোগ্য ।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সুবহান জানান, প্রতিবছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় হলেও পাটকেলঘাটা বাজারের কোন উন্নয়ন হচ্ছে না । সড়কগুলির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থাপূর্ণ সড়ক পুরো উপজেলায় আর আছে কিনা সন্দেহ। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।