সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে তরফ আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার কালিয়ানপাড়া ৭ নং ওয়ার্ডের বুরহান উদ্দিন মার্কেটের পাশে কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তরফ আলী ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে তরফ আলী বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাঁঠাল গাছের সাথে তরফ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। পরে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মৃতের বড় ভাই বোরহান উদ্দিন বলেন, আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি দিত। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সাথে ঝুঁলিয়ে রেখেছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।