মো. আবু ইউসুফ, মুরাদনগর (কুমিল্লা) থেকে : কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে শাহপরান (৩৫) নামে এক বখাটের অব্যাহত অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তার ভয়ে অনেকে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। অভিযোগ উঠেছে, বখাটে শাহপরানের ভাই শফিউল আজম মাসুম পুলিশের এসআই পদে কর্মরত থাকায় ভুক্তভোগীরা মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন কাজিয়াতল গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিয়াতল গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে শাহপরান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তার ভাই পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। ফলে বখাটে শাহপরান আরও বেপরোয়া হয়ে উঠেছেন। সে চুরি. ডাকাতি ও মাদক মামলার আসামী হয়ে কয়েকবার কারাগারে ছিল। প্রায়ই তার বাড়িতে মাদকের হাট বসে। মা ও বোনের আশকরা পেয়ে সে দেদারসে অপকর্ম করে যাচ্ছে।
অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার ছালমা বেগম নামের এক নারী মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বখাটে শাহপরান, তার মা শরিফা বেগম ও তার ভাই শফিউল আলম মাসুমকে অভিযুক্ত করা হয়েছে।