চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সামনে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের তিনজন কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ কমার্স কলেজের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য কলেজ ফটকের সামনে তারা একটি হেল্প ডেস্ক স্থাপন করেছিল। সেখানে পরীক্ষার্থীদের জন্য তথ্য সরবরাহ এবং অভিভাবকদের বসার ও পানি পান করার ব্যবস্থা ছিল।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় জানান, সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কিছু কর্মী এসে তাদের হেল্প ডেস্ক বন্ধ করার নির্দেশ দেয় এবং হুমকি প্রদান করে। পরে ছাত্রদল কর্মীরা হঠাৎ হামলা চালালে শিবিরের তিনজন কর্মী আহত হন। আহতরা হলেন, শিবির মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন এবং আব্দুল হাদী রাহি। আহতদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ছোটখাটো কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’