ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের দক্ষিণ ধর্মকুড়া ফসলি মাঠে জলাবদ্ধতার কারণে প্রায় ৮০০ একর জমিতে এবার আমন ধানের চারা রোপণ করতে পারেননি কৃষকরা।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠজুড়ে এখনো হাঁটু থেকে কোমর সমান পানি জমে রয়েছে। ফলে সময়মতো আবাদ করতে না পারায় চাষিদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।
স্থানীয় কৃষকরা জানান, পচাবহলা থেকে উলিয়া বাজার অভিমুখী সড়কের দক্ষিণ ধর্মকুড়া অংশে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেকেই চারা প্রস্তুত করলেও জমিতে অতিরিক্ত পানি থাকায় তা রোপণ করা সম্ভব হয়নি।
কৃষকদের অভিযোগ, এই জমিগুলো দুই ফসলি এবং মূলত ধান আবাদেই নির্ভরশীল। এই ধান বিক্রি ও খাওয়ার ওপরই তাদের পরিবারের জীবিকা নির্ভর করে। কিন্তু মৌসুম শেষ হতে চললেও জলাবদ্ধতার কারণে এখনও ধান রোপণ করতে পারছেন না তারা। স্থানীয় প্রভাবশালী এক শ্রেণি ব্যক্তি পানি নিষ্কাশনের স্থানে মাটি ভরাট করায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন কৃষকরা।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ইসলামপুর সদর ইউনিয়নের দক্ষিণ ধর্মকুড়া গ্রামে জলাবদ্ধতার কারণে কৃষকরা এবার আমন ধান চাষ করতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃষকরা লিখিতভাবে জানিয়েছে। আশা করা যায় দ্র“ত সময়ে সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন,জলাবদ্ধতা এলাকাটি পরিদর্শন করা হয়েছে। পানি নিষ্কাশনের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।