বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা আয়োজিত একাদশ শ্রেণির ২০২৫-২০২৬ নবীণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্যারিয়ার গাইড লাইন ও নবীনবরণ অনুষ্ঠান-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম ও লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ প্রমুখ। উপস্থিত ছিলেন শাখা নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চশিক্ষিতদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন হয়নি; হবেও না। কারণ, বাংলাদেশকে পরপর ৫ বার দুর্নীতিতে যারা চ্যাম্পিয়নে ভূমিকা রেখেছিলেন তারা উচ্চশিক্ষিত, এমপি, মন্ত্রী, সচিব ও আমলারাই। তাই আমাদের ঘোষণা, আমরা দুর্নীতি করবোও না এবং কাউকে দুর্নীতি করতেও দেবো না। উন্নত নৈতিক চরিত্রের মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠের জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো; যা জুলাই বিপ্লবের মূল আকাক্সক্ষা। তিনি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সৎ ও যোগ্যতর হিসাবে প্রস্তুত করতে হবে। অর্জন করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ জ্ঞান। একই সাথে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমের নিজেদের জ্ঞান ও প্রজ্ঞাকে বিকশিত করতে হবে। মনে রাখতে হবে বৈষয়িক শিক্ষার সাথে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয় না ঘটে, তাহলে সে শিক্ষা হবে অন্তঃসারশূন্য। তিনি আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে আত্মগঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।