বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন দিতে হবে। এই সময় পর্যন্ত গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করে যেনতেনভাবে নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদে উত্থান ঘটবে। ফলে ছাত্র-জনতার আত্মদানের সুফল জাতি পাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের সুফল পেতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের যেই টাইম ফ্রেম দিয়েছেন, জামায়াতে ইসলামী গণতন্ত্রের স্বার্থে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত। তবে কোন অজুহাতেই ঐ সময়সীমা বিলম্বিত করা যাবে না।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রেন দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজগবী এলাকার ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ রাফিদের পরিবারকে আর্থিক সহায়তা ও কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বুলবুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের আয়োজন করত হবে। ২০২৬ এর জুনে জাতীয় নির্বাচন হলে এর আগেই সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করা সম্ভব। তবে দীর্ঘ সময় স্থানীয় সরকারে কোন জনপ্রতিনিধি না থাকলে জনভোগান্তি চরমে পৌঁছাবে। তাই জনগণের ভোগান্তি কমাতে এবং নাগরিক সেবা যথাযথ প্রদানের লক্ষ্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এসময় তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখাও পরামর্শ দিয়ে বলেন, কমিশনের কারো কারো বক্তব্য দলীয় নেতার বক্তব্যের মত পরিলক্ষিত হচ্ছে।

মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী মানবিক নেতৃত্ব তৈরি করেছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী দলমত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের প্রয়োজনে মানবিক বিবেচনায় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম জানান। নিহত ফটোগ্রাফার রাফিদের স্মৃতি ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জে গ্রাফিতি প্রতিযোগিতার ঘোষণা দেন নূরুল ইসলাম বুলবুল।

কবর জিয়ারতপূর্বক আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে চলে যাওয়া আল্লাহর ইচ্ছাতেই নির্দিষ্ট এবং নির্ধারিত সময়ে হয়ে থাকে। কেউ এক সেকেন্ড আগে কিংবা পরে দুনিয়া থেকে যাবে না, যতে পারবে না। দুনিয়ার জীবন আমলের জীবন আর আখেরাতের জীবন হিসাবের জীবন। ঐ হিসাবে সাফল্য পেতে হলে দুনিয়াতে আমল করতে হবে। সেই আমল হচ্ছে আল্লাহর আদেশ-নিষেধ মেনে জীবন পরিচালিত করা। আল্লাহর বিধানকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা। দুনিয়ার মানুষের তৈরি কোন বিধানকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা যাবে না। মানুষের তৈরি মতবাদ অনুসরণকারী ঈমানদার হতে পারে না।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবু যার গিফারী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি এনায়েত উল্লাহ, শিবগঞ্জ উপজেলা নায়েবে আমীর আব্দুল মান্নান ও রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা সেক্রেটারি মুক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, ইসলামি ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা সভাপতি বায়েজিদ বোস্তামী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।