গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের কথিত অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক ধর্ষক নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে।
জানা গেছে, ২৮ জুন শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ওই শিশুর পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করে। শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর মধ্য ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। এরই এক পর্যায়ে শনিবার গভীর রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।