চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর কাজী মাওঃ মুখলিছুর রহমানের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর উপজেলা জামায়াত ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট জামে মসজিদ থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে এসে পথসভায় মিলিত হয়।পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ ইদ্রিছ আলী। উপজেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি হাফেজ ফুয়াদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাওলানা আ.স.ম কামরুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর মোঃ সাহেব আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ওবায়েদুর রহমান,পৌর জামায়াতের সভাপতি মহিবুর রহমান মাসুম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মারুফ আহমেদ প্রমুখ।

বক্তারা জামায়াত নেতার গাড়ি ভাঙচুরের তীব্র প্রদিবাদ ও নিন্দা জানিয়ে বলেন,বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও জাতীয়পার্টি বাংলাদেশ থেকে জামায়াত ইসলামীর নাম মূছে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। উল্টো তাদের পরিণতি হয়েছে এমন, শেখ হাসিনাসহ নেতারা ভারতে পালিয়েছে আর অনেক নেতা পালানোর কোন রাস্তাই পায়নি। সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ভবিষ্যতে যদি কেউ জামায়াত-শিবিরের সাথে সন্ত্রাসী কার্যক্রম করতে আসে তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। এদেশে জামায়াত শিবির সন্ত্রাসী কার্যক্রম করেও না কাউকে করতে ও দেওয়া হবে না। বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এদেশের জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব প্রশাসনের। আগামী ত্রয়োদশ নির্বাচনের আগে চুনারুঘাট-মাধবপুরের জণগণের কাছে এমপি প্রার্থী বিভিন্ন সময়ে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশ ও উঠান বৈঠক করবেন। ভবিষ্যতে যদি এমন সন্ত্রাসী কার্যক্রম কেউ করে এর দ্বায়ভার প্রশাসনকে নিতে হবে।

প্রসঙ্গত, গত সোমবার (২০ অক্টোবর) মাধবপুরের কাসিমনগর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে রাজাপুর চৌধুরী বাড়িতে উঠান বৈঠক করেন জামায়াত নেতা মুখলিছুর রহমান। উঠান বৈঠক শেষে গাড়িতে উঠার আগে দেখতে পান কে বা কারা ইট পাটকেল দিয়ে উনার পার্কিং করা গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।