পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদর ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়নের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহ্বায়ক কমিটি করায় এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারি সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালত এই মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বিবাদিগণকে। মামলায় পাকুন্দিয়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন সরকার কে প্রধান বিবাদি করে উপজেলা কৃষি কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৩ জন সাংবাদিকসহ ২৬ জনকে বিবাদি করা হয়েছে।
জানা যায়, পাকুন্দিয়া সদর ঈদ্গাহটি উপজেলার প্রানকেন্দ্রে উপজেলা পরিষদ গেইটের বিপরীতে অবস্থিত। ১৯২২ সালে ময়মনসিংহের প্রাক্তন গভর্নর খাঁন বাহাদুর ইসমাইল হোসেন সর্বপ্রথম ঈদ্গাহের জন্য কিছু জায়গা লিখে দেন। বর্তমানে এই ঈদ্গাহের অধিনে দুটি বহুতল ভবন, ৪১ টি দোকান, একটি পুকুরসহ প্রায় ২ একর জায়গা রয়েছে। যা থেকে মাসে অন্তত ২ লাখ টাকা ভাড়া আসে। এই ঈদগাহের ব্যাংকএকাউন্টে কোটি টাকার ফান্ড রয়েছে বলে জানা গেছে। বড় আয়ের এই ঈদগাহটি দীর্ঘদিন যাবত ৭১ সদস্যবিশিষ্ট ইলেক্ট্ররাল কমিটি দ্বারা মনোনিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই কমিটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্ভরে শেষ হওয়ার কথা ছিল। বেশ কিছুদিন যাবত স্থানীয় মুসুল্লীরা পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন। কিছুদিন পূর্বে ঈদগাহের একজন দাতা সদস্য বজলুর রহমান ঈদগাহ পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।