অর্জনের গল্প: আগামীর চাঁপাইনবাবগঞ্জ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে ৩টা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহীদ সাটু হলে ‘স্টুডেন্ট ফেস্ট ও কৃতি সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ৪৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো: নূরুল ইসলাম বুলবুল কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মগ, চাবির রিং ও কলম উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মু. নূরুল ইসলাম বুলবুলসহ ক্যারিয়ার বিষয়ক আরও আলোচনা রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহদী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোর্শেদ জামান মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. নুরুজ্জামান, মাস্টার মেরিনার এ কে এম মইদুল ইসলাম, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের পিএইচডি গবেষক তাইনুস আলী, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইউপিপিএলের প্ল্যান্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার গোলাম আরিফ, ইনোভেশন ডিরেক্টর মাহমুদুর রহমান, আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবের রিসার্চ ইনভেস্টিগেটর সিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র মো. আব্দুল্লাহ প্রমুখ। এসময় কৃতি শিক্ষার্থীরা তাদের অর্জনের গল্প তুলে ধরেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, মেধাবীরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে। আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে গড়তে এই জনপদের কৃতী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যারা নিজেরদের ক্যারিয়ারকে নিয়ে স্বপ্ন দেখি, তারা জানি সেই স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। আমরা চাই তোমাদের সেই প্রত্যাশা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। আমরা তোমাদেরকে নিয়েই আগামীর মডেল চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই। তোমাদের সাফল্যে আমরা গর্বিত এবং তোমাদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সকল কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের নির্বাহী সদস্য এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এডভোকেট মারুফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ লিটিল, আনোয়ারুল ইসলাম মাসুম, রায়হান আলি, জাহিদুর রহমান, মুজাহিদুল ইসলাম, মাহদী মিরাজ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।

শহীদ ফারহানের পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের রাজধানীর ইস্কাটনের বাসায় যান এবং শহীদের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরবর্তীতে পরিবারের সদস্য ও উপস্থিত দায়িত্বশীলদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ফারহানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় মহানগরী আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদতবরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম। ফারহান ফাইয়াজ সহ জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলীবিদ্ধ হয়ে শহীদ হন। প্রেসবিজ্ঞপ্তি।