বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আয়োজিত দোয়া ও শোকসভায় যোগ দিতে দুই মেয়েকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন মাসুদ রানা। কিন্তু পথে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার দুই মেয়ে মাহিমা ও তনিমাকে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রানা (৩০) গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জামতলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা তার দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তার ন্যাশনাল মেরিট অ্যাকাডেমির উদ্দেশ্যে রওনা হন। সেখানে তারা উত্তরার মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আয়োজিত শোকসভায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে নয়নপুর বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

এতে ঘটনাস্থলেই মাসুদ রানা প্রাণ হারান। আহত মাহিমা ও তনিমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই বোনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ন্যাশনাল মেরিট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মো. সাহাব উদ্দিন ফরাজী জানান, দোয়া ও শোকসভায় অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ওই শিক্ষার্থীদের বাবার মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে।

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।