হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে চাচা-ভাতিজার পারিবারিক বিরোধের জেরে মানিক (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহমদিয়া পাড়ায় মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই এলাকার মৃত জামালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রোববার মানিকের সঙ্গে যুবদল নেতা তৌহিদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত তৌহিদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার জের ধরে রাতের আঁধারে মানিককে অজ্ঞাতনামা লোকজন ধরে পিটিয়ে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে। এ ঘটনায় আহত আরও কয়েকজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে পারিবারিক বিরোধ এবং পূর্বের সংঘর্ষের প্রভাব রয়েছে। তদন্ত চলছে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।