গাইবান্ধার সাদুল্লাপুরে ঈদু-উল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার পক্ষ থেকে শহীদ নাজমুলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের জুলাই আন্দোলনে শহীদ নাজমুলের পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। নাজমুলের বাড়িতে খোঁজখবর নিতে ও আর্থিক সহযোগিতায় আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর - পলাশবাড়ী ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু, সাদুল্লাপুর উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম। এছাড়াও জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু গনমাধ্যম কর্মীদের বলেন,

সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি জানানো হয়েছে। তিনি তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নাজমুল। নাজমুল রাজধানীর আশুলিয়ায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন এবং ৯ আগষ্ট সন্ধ্যায় তিনি মারা যান।