মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীরা যেন কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে এবারের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হচ্ছে। সুযোগ সন্ধানীরা যেন কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহায়তা করবে ডিএমপি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এদিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আওয়ামী লীগের ডাকা হরতাল মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ফলে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ফেসবুকে দেখা যাচ্ছে আজ মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি। পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। খারাপ কোনো কিছু ঘটবে না

ডিএমপি হেডকোয়ার্টাসের সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।