স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।
অভিনেত্রী শাওন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তিনি অভিনয়ের পাশাপাশি সংগীত শিল্পী, নির্মাতা ও স্থপতি। এদিকে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই ঢাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ডিবি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আলোচনা-সমালোচনার জন্ম দেন শাওন।