স্টাফ রিপোর্টার : ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলিরের সঙ্গে যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। গতকাল বৃহস্পতিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক ফেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, গবর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গবর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
ডেভিড বিসলিরের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রো'র সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির এই প্রতিনিধি দলটি।
রবার্ট এ ডেস্ট্রো'র সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ফেসবুক পোস্টে বলা হয়- রবার্ট এ. ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তার বিশেষজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত।
বিএনপির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা হস্তান্তর
স্বাস্থ্যখাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ১ নম্বর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার স্বাস্থ্য সংস্কার কমিশন অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার অধ্যাপক রফিক আল কবির লাবু, ডাক্তার পারভেজ রেজা কাকন, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নার্সিং বিষয়ক সম্পাদক মিসেস জাহানারা খাতুন।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি যুক্তরাজ্যের আদলে স্বাস্থ্যখাত সংষ্কার প্রস্তাব তুলে ধরে। যেটি উত্থাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, খন্দকার মোশাররফ হোসেন।