ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫। এবারের মেলায় আয়তন বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। গতকাল সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ অমর একুশে বইমেলার 'জুলাই'র গল্প' আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন জুবায়ের বিন আব্দুর রহমান (ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪-এর শহিদ খোবাইবের বড় ভাই)। সঞ্চালনায় ছিলেন কবি ও সংগঠক মুহাম্মদ বিন এমরান। গতকাল সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫/২৭শে মাঘ ১৪৩১ সোমবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ১০ম দিন। মেলা শুরু হয় বিকেল ৩:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৮৪টি।

বাংলা একাডেমির মূল মঞ্চ বিকেল ৪:০০টায় অনুষ্ঠিত হয় ‘ড. মনিরুজ্জামানের সময়রেখা : ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশগ্রহণ করেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা।

প্রাবন্ধিক বলেন, ড. মনিরুজ্জামান ভাষাবিজ্ঞানের দুরূহ পথে কেবল সরলরৈখিকভাবেই পরিভ্রমণ করেননি, বরং নজর দিয়েছেন অতীতের ভাষিক নিরীক্ষায় এবং ভবিষ্যতের ভাষাগবেষণার সুলুক সন্ধানে। প্রতিভার মৌলিকত্বে তিনি তার স্বকীয় অবস্থান নিশ্চিত করেছেন। ভাষাবিজ্ঞান বিষয়ে গভীর পা-িত্য এবং উপভাষা গবেষণায় অসামান্য অবদানের কারণে ভাষাবিজ্ঞানের জগতে যেমন তার অবিস্মরণীয় খ্যাতি রয়েছে, তেমনি সুসাহিত্যিক ও সাহিত্যবিশ্লেষক হিসেবেও বাংলা সাহিত্যজগতে তার নাম সুবিদিত। তিনি বাংলাদেশে অনুসৃত ভাষাবিজ্ঞানের যাবতীয় ধারাসমূহের বিন্যাস করেছেন, একইসঙ্গে তার রচনায় তুলনামূলক ভাষাতত্ত্বের বিকাশমানতার ধারা প্রতিভাত হয়েছে।

আলোচকদ্বয় বলেন, ড. মনিরুজ্জামান ছিলেন আধুনিক চিন্তাধারার অধিকারী বিজ্ঞানমনস্ক একজন মানুষ। গবেষণার মাধ্যমে তিনি বাংলা উপভাষার উচ্চারণগত, ব্যাকরণগত এবং শব্দগত বৈচিত্র্য তুলে ধরেছেন। ভাষা গবেষণায় তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ ঘটিয়েছেন। তিনি উপভাষার অভ্যন্তরীণ রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন এবং উপভাষাকে উদার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুনসুর মুসা বলেন, ড. মনিরুজ্জামান শৈশবকাল থেকেই বিভিন্ন উপভাষার সংস্পর্শে এসেছিলেন এবং একজন গবেষক হিসেবে ভাষাবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন। তার মূল্যবান গবেষণা ভবিষ্যতের গবেষকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা জোগাবে। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কুদরত ই হুদা এবং হিজল জোবায়ের।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ ছিল মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আরশিনগর বাউল সংঘ’, সানজিদা আহমেদ লাবণ্যের পরিচালনায় নৃত্যসংগঠন ‘নৃত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং মজিবুর রহমান বিরোহীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বিরোহী শিল্পীগোষ্ঠী’এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল লতিফ শাহ, বাউল সুভাষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, সাধিকা সৃজনী তানিয়া, এলাহী মাসুদ, কাজী দেলোয়ার হোসেন, এ টি এম গোলাম মোস্তফা, পিয়াল হাসান এবং শামিমা সুলতানা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন প্রিয়ব্রত চৌধুরী (তবলা), শাহীনুর রহমান (কীবোর্ড), মো. ফায়জুর রহমান (বাঁশি), সুমন কুমার শীল (দোতারা) এবং হাসান মিয়া (বাংলা ঢোল)।

আগামীকালের অনুষ্ঠান : আজ ১১ই ফেব্রুয়ারি ২০২৫/২৮শে মাঘ ১৪৩১ মঙ্গলবার। অমর একুশে বইমেলার ১১ম দিন মেলা শুরু হবে বিকেল ৩:০০টায় এবং চলবে রাত ৯:০০টা পর্যন্ত। বিকেল ৪:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও সাহিত্য : শাহেদ আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নাজিব ওয়াদুদ এবং মোস্তাক আহমাদ দীন। সভাপতিত্ব করবেন চঞ্চল কুমার বোস।