জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে তারা এই অবরোধ করেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনকারীরা বলছেন, সরকার ‘এ’, ‘বি’ এবং ‘সি’-এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। ‘সি’ ক্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’ এর মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক।
আন্দোলনকারীদের দাবি, সব আহত ব্যক্তিকে ‘এ’ অথবা ‘বি’ ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক্যাটাগরি হবে দুটি। আহত এবং গুরুতর আহত। আন্দোলনকারীদের অন্য দুটি দাবি হচ্ছে, প্রান্তিক এলাকায় আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে। আন্দোলনকারীদের অনেকে আহত প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান।
এর আগে সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান নেন ৩০-৪০ জন আন্দোলনকারী। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। আহতদের দুইটি ক্যাটাগরি বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানান তারা। শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, বেশ কিছু দাবি নিয়ে তারা সড়কে অবস্থান করছেন। বাংলামোটর অভিমুখী লেন অবরোধ করেছেন।