বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন এবং পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের মধ্যে বৈঠকে বাংলাদেশ ও রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশকে বিশেষ করে রোহিঙ্গা সংকটে অব্যাহত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে পৃথক পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেছেন। রাষ্ট্রদূত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে পারস্পরিক সহায়তার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। জবাবে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আশ্বস্ত করেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত অনুশীলন এবং জাতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে বহুপাক্ষিক ফোরামে রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। উভয়পক্ষই দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক এবং অনেক আন্তর্জাতিক বিষয়ে তাদের অভিন্ন মতামতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস ইউএনএইচসিআরের: পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে গত বৃহস্পতিবার বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি সুম্বুল রিজভী এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য ইউএনএইচসিআর প্রতিনিধিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন। পররাষ্ট্র সচিব কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাম্প্রতিক সফরের কথা স্মরণ করেন।
তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ সময় অবস্থানের ফলে স্থানীয় সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। এরমধ্যে মাদক চোরাচালান এবং মানবপাচারের মতো অপরাধের উত্থানও অন্তর্ভুক্ত। রাষ্ট্রদূত জসিম পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। উভয়পক্ষ রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলন নিয়েও আলোচনা করেছেন।