স্টাফ রিপোর্টার : ঢাকার ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে পড়ে থাকা তিনটি হাতবোমা উদ্ধারের পর 'সফলভাবে নিষ্ক্রিয়' করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে বোমার মতো বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায় বলে জানিয়েছিলেন শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম। পরে সেগুলো উদ্ধার করে পুরনো বাণিজ্য মেলা মাঠে নিয়ে 'যথাযথ প্রক্রিয়ায়' নিষ্ক্রিয় করা হয় বলে এক বার্তায় জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, বোমা পড়ে থাকার খবর পেয়ে প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আশপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বার্তায় জানিয়েছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো ব্যাগে ককটেলসদৃশ বস্তু রয়েছে, গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে এমন খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে ও বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

এর আগে ফার্মগেটে পাওয়া একটি কালো ব্যাগে ককটেল রয়েছে, এমন খবর ছড়িয়ে পড়লে সেখানকার ফুটপাতে উৎসুক জনতা ভিড় জমান।